কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন দুই কলেজছাত্র

টাঙ্গাইলের সখিপুরে রাস্তায় পড়ে থাকা ৮০ হাজার টাকা কুড়িয়ে পেয়ে মাইকিং করে আসল মালিককে খুঁজে বের করে ফেরত দিয়েছেন দুই কলেজছাত্র আবু রাহাত ও আবু সোহান। তাদের এমন সততায় এলাকায় প্রশংসার ঝড় উঠেছে।

মহানন্দপুর গ্রামের বাসিন্দা দুই বন্ধু শনিবার দুপুরে পলাশতলী এলাকায় যাওয়ার পথে বড়চওনা-কালিহাতী সড়কের পাশে টাকাগুলো দেখতে পান। এরপর তারা স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মালিকের খোঁজ শুরু করেন।

ওদিকে টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কালিহাতীর সরিষাআটা গ্রামের আজিজুল, যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেন। তিনিও কালিহাতী ও সখিপুরের বিভিন্ন এলাকায় মাইকিং করে টাকার খোঁজ করছিলেন। যথাযথ প্রমাণ যাচাইয়ের পর তাকেই প্রকৃত মালিক হিসেবে নিশ্চিত করা হয়।

রোববার দুপুরে মহানন্দপুর বাজার বণিক সমিতির নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আজিজুলের হাতে ৮০ হাজার টাকা তুলে দেন দুই ছাত্র।

আজিজুল জানান, জরুরি কাজে ব্যবহারের জন্য টাকাটা নিয়ে যাচ্ছিলেন তিনি। টাকা ফিরে পেয়ে তিনি দুই ছাত্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এই ঘটনা সমাজের অন্যদের জন্যও সততার দৃষ্টান্ত হয়ে থাকবে।

All Categories