সৌরবিদ্যুৎ স্থাপনায় ক্ষতির জন্য ৫ বছরের কারাদণ্ডের বিধানসহ নতুন অধ্যাদেশ জারি

সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। রাষ্ট্রপতির জারি করা এই অধ্যাদেশ গত ১৯ অক্টোবর থেকে কার্যকর। এর আওতায় সর্বোচ্চ ৫ মেগাওয়াট সক্ষমতার সৌর প্রকল্প বসানো, চালানো ও অনুমোদনের নিয়ম ঠিক করা হয়েছে। সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি, কলকারখানা, চা-বাগান, সেচপাম্প, হিমাগার ও বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনে এ ধরনের ব্যবস্থা বসানো যাবে। তবে বড় আকারের ভূমিভিত্তিক সৌর প্রকল্প এর বাইরে থাকছে।

অধ্যাদেশে বিনিয়োগ, সেবাদাতা বাছাই, বিদ্যুৎ বিল সমন্বয় ও সরকারি ক্রয়ের ক্ষেত্রে আলাদা বিধান রাখা হয়েছে। অগ্রাধিকার পাবে ‘ওপেক্স’ মডেল, যেখানে সেবাদাতা প্রতিষ্ঠান নিজের অর্থে ব্যবস্থা বসিয়ে চালাবে ও রক্ষণাবেক্ষণ করবে। আর যাদের নিজস্ব তহবিল আছে, তারা ‘ক্যাপেক্স’ মডেলে নিজের টাকায় বসিয়ে মালিকানা নিজেদের হাতে রাখতে পারবে।

জেলাভিত্তিক যোগ্য প্রতিষ্ঠানের তালিকা তৈরি করবে উপযুক্ত কর্তৃপক্ষ; গ্রাহক সেই তালিকা থেকে প্রতিযোগিতার ভিত্তিতে সেবাদাতা নেবেন। চাইলে খোলা দরপত্র ডেকে বাইরের প্রতিষ্ঠানও বেছে নিতে পারবেন। গ্রাহক, সেবাদাতা ও কর্তৃপক্ষের মধ্যে তিন পক্ষের চুক্তি হবে, যেখানে যন্ত্রের মান, নিরাপত্তা, বিদ্যুতের ভাগবাটোয়ারা, দাম ও বিল পরিশোধের শর্ত থাকবে। মেয়াদ শেষে পুরোনো যন্ত্রাংশ ও ই-বর্জ্য নিরাপদে সরানোর বিষয়টিও চুক্তিতে রাখতে হবে।

ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্রে পাঁচ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সেবা কেনা যাবে এবং এ ক্ষেত্রে ই-জিপি বাধ্যতামূলক নয়। নেট-মিটারিংয়ের মাধ্যমে নিজের প্রয়োজন মিটিয়ে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া যাবে, যা নির্দিষ্ট বিলিং সময়ে বিলের সঙ্গে সমন্বয় হবে। নীতিনির্ধারণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের কথাও বলা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও সংস্থার প্রতিনিধিরা থাকবেন।

শাস্তির বিধানও রাখা হয়েছে। সৌর যন্ত্রাংশ চুরি বা চোরাই যন্ত্রাংশ কেনাবেচায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড কিংবা ৫০ হাজার টাকা জরিমানা, অথবা দুটোই হতে পারে। সৌর স্থাপনার ক্ষতি করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড। অবৈধ সংযোগ নেওয়া কিংবা স্থাপনের কাজে বাধা দিলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা, অথবা দুটোই হবে। অধ্যাদেশ বাস্তবায়নে সরকার প্রয়োজনে বিধি ও নির্দেশিকা জারি করতে পারবে।

All Categories