তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান
সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও এবার শোনা যাচ্ছে, প্রেমিকা গৌরি স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই তারকা।
ইন্ডিয়া টুডেসহ ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৫ জুলাই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন আমির ও গৌরী। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা।
খবরে বলা হয়েছে, ৬১ বছর বয়সী আমির ও ৪৭ বছর বয়সী গৌরী তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়েটি হবে নিবন্ধনের মাধ্যমে এবং অনুষ্ঠানটি আয়োজন করা হবে আমির খানের নিজ বাসভবনে।ঘনিষ্ঠ সূত্রের দাবি, সম্প্রতি তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতোমধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে।
সূত্রটি জানিয়েছে, ‘তারা দুজনই জীবনের একটি স্থিতিশীল অবস্থানে রয়েছেন। নিজেদের সম্পর্ককে উদ্যাপন করতেই এই সিদ্ধান্ত। অনুষ্ঠানটি খুবই ব্যক্তিগত হবে, যেখানে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন।এখনো অতিথি তালিকা প্রকাশ করা হয়নি। তবে বলিউড মহলে জোর আলোচনা, আমিরের দীর্ঘদিনের বন্ধু সালমান খান এবং শাহরুখ খান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন, যদি তাদের সময়সূচি অনুকূলে থাকে।
২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। এরপর বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজের জীবনে গৌরীর গুরুত্ব নিয়ে কথা বলেছেন।এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, ‘আমি খুব ভাগ্যবান যে গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছিল এবং আমরা সম্পর্কে আছি
ও খুব ভালো মানুষ। ওর সঙ্গে থাকলে আমি শান্তি পাই। যদিও কিরণ আর রিনার সঙ্গেও আমার সম্পর্ক খুব গভীর ছিল, কিন্তু সেটা টেকেনি। এখন মনে হয়, আমার জীবনে গৌরীর আসাটা আশীর্বাদের মতো। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার মনে হয় এত দিনে আমি পরিপূর্ণ হয়েছি।’বলা দরকার, গৌরী স্প্র্যাটের আগের সংসারের সাত বছর বয়সী এক ছেলে রয়েছে, যার নাম কুইন। তার পারিবারিক ইতিহাসও বেশ আলোচিত। গৌরীর দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত এক কমিউনিস্ট নেতা, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। দীর্ঘ বৈবাহিক জীবনের পর ২০০০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। প্রায় ১৫ বছর সংসার করার পর ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি।তবে বিচ্ছেদের পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। পারিবারিক নানা অনুষ্ঠানে এখনো তাদের একসঙ্গে দেখা যায়।