মৌসুমীর আর সিনেমায় ফেরা চান না স্বামী ওমর সানী
ঢালিউডের আলোচিত তারকা-দম্পতি ওমর সানী ও মৌসুমী। পেশাগত জীবনের পাশাপাশি সংসারজীবনেও তাদের সুনাম রয়েছে। নানা আয়োজনে স্ত্রীর গুণের কথা বলতে গিয়ে সানীকে প্রায়ই উচ্ছ্বসিত দেখা যায়।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, মৌসুমী আবার বড় পর্দায় ফিরুক, এটা তিনি চান না।
এর কারণও তুলে ধরেছেন সানী। তাঁর ভাষ্য, ‘মৌসুমী চলচ্চিত্রকে অনেক কিছু দিয়েছে, দেশও তাকে অনেক সম্মান দিয়েছে। এখন আমি চাই সে নিজের মতো করে শান্ত, ঘরোয়া জীবন কাটাক।’
মৌসুমী বহুদিন ধরে প্রবাসে রয়েছেন। কবে দেশে ফিরবেন, এ প্রশ্ন অনেকেই করেন; সানী জানান, এমন প্রশ্নে স্ত্রী কিছুটা বিরক্ত হন। তবে নির্দিষ্ট তারিখ না বললেও তিনি আভাস দিয়েছেন, মৌসুমী খুব শিগগিরই দেশে আসবেন।
এই জুটির পরিচিত ছবির মধ্যে আছে ‘লজ্জা’, ‘দোলা’, ‘বাপের টাকা’, ‘গরীবের রানী’, ‘আত্ম অহংকার’ ও ‘লাট সাহেবের মেয়ে’।
মৌসুমী কয়েক বছর বিদেশে থাকলেও সানী ব্যবসার পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন। আগামীতে তাঁকে ‘গুলশানের চামেলি’ সিনেমায় দেখা যাবে।