জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালাকে আবার সাত দিনের রিমান্ডে চাইল পুলিশ

জুলাই আন্দোলনের সময় ছাত্র আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালাকে ফের সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার মামলাটির তদন্ত কর্মকর্তা রোববার (২৫ অক্টোবর) এই আবেদন জমা দেন। ঢাকা মহানগর হাকিম আদালতে এর শুনানি হওয়ার কথা।

আবেদনে পুলিশ জানায়, আগের চার দিনের রিমান্ডে আসামি কিছু তথ্য দিলেও ঘটনার বহু গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করেছেন। তাঁর দেওয়া তথ্য যাচাই চলছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও অন্য আসামিদের গ্রেপ্তারে আরও রিমান্ড প্রয়োজন বলে মনে করছে তদন্ত সংশ্লিষ্টরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বনানীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরদিন ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার চোরাচালানের অভিযোগে করা মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। সেই রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। ২১ অক্টোবর আদালত জব্বার হত্যাচেষ্টা মামলায় তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরায় গুলিবিদ্ধ হন আ. জব্বার। প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে ২০২৫ সালের ২৭ মার্চ তিনি মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম রয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে সোনা-হীরা চোরাচালান, প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে তাঁকে র‍্যাব গ্রেপ্তার করেছিল। পরে বাড্ডায় কিশোর হৃদয় আহমেদ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই মামলায় তিনি পরে জামিন পান।

All Categories