পাটগ্রাম সীমান্তে ঢুকে কৃষকদের পিটিয়ে আহত করার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের বিরুদ্ধে। হামলায় দুই কৃষক আহত হয়েছেন। স্থানীয়রা জড়ো হয়ে প্রতিরোধ করলে বিএসএফ সদস্যরা ককটেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে ভারতের অংশে ফিরে যান বলে স্থানীয় সূত্রের দাবি।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে ৮৩৭/৪-এস নম্বর মূল পিলারের কাছে ঘটনাটি ঘটে।

কৃষকদের বক্তব্য, তখন তাঁরা নিজেদের জমিতে কাজ করছিলেন। হঠাৎ বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত পার হয়ে এসে তাঁদের জমি ছেড়ে চলে যেতে বলেন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে লাঠি দিয়ে কৃষকদের পেটানো হয়, এতে দুজন আহত হন।

খবর ছড়িয়ে পড়লে আশপাশের কৃষক ও গ্রামবাসী একজোট হয়ে এগিয়ে আসেন। তাঁদের তাড়া খেয়ে বিএসএফ সদস্যরা ককটেল, সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভারতের দিকে সরে যান।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবির টহল দল। অনুপ্রবেশ এবং গুলি ও বিস্ফোরক ব্যবহারের প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এরপর থেকে ওই সীমান্ত এলাকায় উত্তেজনা চলছে; পরিস্থিতি সামাল দিতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

লালমনিরহাট ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীনুল ইসলাম জানান, ঘটনার পরপরই কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের অনুরোধ করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, তা বিএসএফকে জানানো হবে।

তিনি আরও জানান, পাথর তোলাকে ঘিরে ঘটনার সূত্রপাত হয়েছে বলে দাবি করছে বিএসএফ। তবে প্রকৃত কারণ খুঁজতে তদন্ত চলছে। অন্যদিকে স্থানীয় কৃষকরা বলছেন, তাঁরা বাংলাদেশের সীমানার ভেতরেই কাজ করছিলেন।

All Categories