তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উচ্ছেদ হবে: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ করা হবে। শুক্রবার (২ অক্টোবর) তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, কিশোররা স্কুলে যাবে, পড়ালেখা করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা শিখবে এবং দক্ষ মানুষ হয়ে উঠবে। তারা অস্ত্র চাপাতি নিয়ে ঘুরবে না। তিনি বলেন, আজকের কিশোর তরুণরাই আগামী দিনের কাণ্ডারী। কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা এবং সামাজিক আন্দোলনের যৌথ সমন্বয়ের প্রয়োজন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহারে বিশেষ পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেন তিনি।
সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গে হুইপ বলেন, সরকার এর মাধ্যমে সকলকে কঠোর বার্তা দিচ্ছে। আমরা স্বচ্ছতা এবং জবাবদিহির সাথে কাজ করতে চাই। আমরা ঘর থেকে শুরু করেছি এবং ঐক্যবদ্ধ থাকতে চাই। প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী জনগণের কল্যাণে কাজ করতে চাই।
তিনি বলেন, যেকোনও নেতিবাচক ঘটনায় সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না। চিফ হুইপ বলেন, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি এবং জনগণের কল্যাণে কাজ করছি। তিনি উল্লেখ করেন, সরকার যদি শক্তিশালী না হয় তাহলে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়বে। সরকার ব্যর্থ হলে সেই দায় আমাদের। তিনি বলেন, কুচক্রী মহল বিভিন্নভাবে কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। এসব অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।