গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদ ও দোকানপাট

গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান, ঝুট গুদাম, তুলা গুদাম ও ভাঙ্গারি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার ২নং সিঅ্যান্ডবি বাজারে সাখাওয়াত ও আকতারের মার্কেটে এই ঘটনা ঘটে।

আগুনে রফিকুল ইসলামের স্যানেটারি দোকান, ফালান মিয়ার মুরগির দোকান, সফিকের ঝুট গুদাম, তুলার গুদাম, ভাঙ্গারির দোকান এবং বায়তুল জান্নাত জামে মসজিদ পুড়ে যায়।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন দ্রুত ছড়াতে থাকলে পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। চারটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে।

All Categories