শি জিনপিংয়ের আহ্বান: অর্থনীতির গুণগত উন্নয়ন ও প্রবৃদ্ধি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশের অর্থনীতিতে মানসম্পন্ন উন্নয়ন ও যৌক্তিক হারে প্রবৃদ্ধি অর্জনের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর ওপর কমিউনিস্ট পার্টির ‘নিরঙ্কুশ নেতৃত্ব’ অক্ষুণ্ন রাখার কথাও বলেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক ভাষণে তিনি এসব কথা বলেন।
শি বলেন, সমাজের সার্বিক অগ্রগতির পাশাপাশি স্থিতিশীলতাও ধরে রাখতে হবে। উচ্চমানের উন্নয়নকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে জনগণের উন্নত জীবনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে হবে।
ভাষণে সেনাবাহিনীর ‘রাজনৈতিক গঠন’ জোরদারের ওপরও গুরুত্ব দেন চীনা প্রেসিডেন্ট। এ ছাড়া সামরিক সংস্কার, বিজ্ঞান-প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা বাড়ানো, মেধাবী জনবল তৈরি এবং আইনের শাসন শক্তিশালী করার বিষয়েও কথা বলেন তিনি।
১৯৩৪-৩৫ সালের লং মার্চের ৯০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে এই বক্তব্য দেন শি জিনপিং। মাও সেতুংয়ের নেতৃত্বে রেড আর্মির এই দীর্ঘ পশ্চাদপসরণ ছিল চিয়াং কাই-শেকের ন্যাশনালিস্ট বাহিনীর ধাওয়া থেকে বাঁচার কৌশল।