তামিলনাড়ুর কারাগারে রক্ষীদের ওপর হামলা চালিয়ে পালাল ১৭ বন্দি, চারজন আবার ধরা

ভারতের তামিলনাড়ুতে এক বন্দির অসুস্থ হওয়ার ভান করে কারারক্ষীদের ওপর হামলা চালিয়ে ১৭ জন বন্দি পালিয়ে গেছেন। অভিযানে নামা পুলিশ এর মধ্যে চারজনকে আবার গ্রেপ্তার করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, একই কক্ষের এক বন্দি অসুস্থতার নাটক করলে কী হয়েছে দেখতে কক্ষে ঢোকেন রক্ষীরা। সঙ্গে সঙ্গে বন্দিরা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। থেক্কামপট্টি উপ-কারাগারের দ্বিতীয় গ্রেডের পুলিশ কর্মকর্তা থাঙ্গাপান্ডির মাথায় গুরুতর আঘাত লাগে, তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দুই রক্ষী সামান্য আহত হয়েছেন।

দক্ষিণ অঞ্চলের পুলিশ মহাপরিদর্শক বিজয়েন্দ্র বিদারিসহ কর্মকর্তারা চারজনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। পলাতকদের ধরতে তামিলনাড়ু পুলিশ ১৭টি বিশেষ দল গঠন করেছে। মাদুরাই, দিন্দিগুল ও ইডুক্কিসহ আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে এবং ১৬টি স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন পরীক্ষা করা হচ্ছে।

দিন্দিগুলের পুলিশ সুপার এস জয়কুমার জানান, থেনি উপ-কারাগার থেকে ১৭ বন্দি পালিয়েছেন এবং সতর্কতা হিসেবে প্রতিবেশী দিন্দিগুল জেলায় চেকপোস্ট বসানো হয়েছে।

পলাতক বন্দিদের ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে পুলিশ। তাঁদের অনেকের বাড়ি ভিলুপ্পুরম জেলায় হওয়ায় সেখানেও নজরদারি বাড়ানো হয়েছে।

এ ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন ডিএমকের রাজ্যসভা সদস্য পি উইলসন। সামাজিক মাধ্যম এক্সে তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার এই অবনতির নৈতিক দায় তাঁর নেওয়া উচিত। গত সপ্তাহে উচ্চ নিরাপত্তার পুঝাল কারাগার থেকেও বন্দি পালানোর ঘটনা ঘটেছিল বলে তিনি উল্লেখ করেন।

All Categories