Oct 27, 2026
হ্যামস্ট্রিং চোট না সারায় পাকিস্তান টেস্ট সিরিজে খেলা হচ্ছে না শ্রীলঙ্কান ওপেনার নিশাঙ্কার

হ্যামস্ট্রিং চোট না সারায় পাকিস্তান টেস্ট সিরিজে খেলা হচ্ছে না শ্রীলঙ্কান ওপেনার নিশাঙ্কার

বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারছেন না শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা।

ফিটনেস পরীক্ষায় পাস করার শর্তে এই সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে তাঁকে রাখা হয়েছিল। তবে সিরিজ শুরুর আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা দেখছে না শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, শর্তসাপেক্ষে দলে থাকলেও ম্যাচের আগে ফিট হয়ে ওঠার সুযোগ নেই নিশাঙ্কার।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের সীমিত ওভারের সিরিজে চোট পান এই ব্যাটার, যে কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তিনি খেলেননি। চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডেও ফিটনেস শর্তে জায়গা পেয়েছিলেন, কিন্তু সেখানেও মাঠে নামার মতো সুস্থ হতে পারেননি। এর আগে আগস্টে কব্জির চোটে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি।

নিশাঙ্কার জায়গায় টেস্ট দলে ডাক পেয়েছেন আরেক ওপেনার লাহিরু উদারা। তিনি এখন ওয়ানডে দলের সঙ্গে পাকিস্তানেই রয়েছেন। ত্রিদেশীয় সিরিজেও নিশাঙ্কার বদলি হিসেবে উদারাকেই দলে নেওয়া হয়েছিল।

All Categories