কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যুর মামলায় তিন কারা কর্মকর্তাকে জেরা করছে পিবিআই

কারাবন্দি অবস্থায় বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার তদন্তে তিনজন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এদের মধ্যে দুজন মামলার আসামি, আর একজন সাক্ষী।

মঙ্গলবার সকাল থেকে পিবিআইয়ের রাজশাহী কার্যালয়ে তাদের জেরা শুরু হয়। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তৎকালীন ডিআইজি প্রিজন বজলুর রশীদ ও সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম। সাক্ষী হিসেবে ডাকা হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুনকে।

জানা গেছে, ২০১৫ সালের ৩ মে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় মারা যান পিন্টু। পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

মৃত্যুর প্রায় এক দশক পর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হত্যা মামলা করেন তাঁর ছোট ভাই নাসিম উদ্দিন রিন্টু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনকে এতে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে।

আসামিদের মধ্যে আরও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তৎকালীন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনসহ আরও অনেকে।

এজাহারে বলা হয়েছে, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের মামলায় পিন্টুকে আসামি করে ওই বছরের ৩ জুন গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাঁকে যাবজ্জীবন সাজা দেন। বাদীর দাবি, অভিযোগ প্রমাণিত না হলেও সাজা দেওয়া হয় এবং রিমান্ডে নির্যাতনে তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন।

বাদীপক্ষের অভিযোগ, উচ্চ আদালতের নির্দেশ ছিল নিজ খরচে নিয়মিত চিকিৎসা দেওয়ার, কিন্তু তা অমান্য করে তাঁকে প্রথমে নারায়ণগঞ্জে ও পরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সরানো হয়। ২০১৫ সালের ২ মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক কারাগারে গেলেও নিরাপত্তার অজুহাতে চিকিৎসা করতে দেওয়া হয়নি। পরদিনই তাঁর মৃত্যু হয়।

এজাহারে আরও বলা হয়, মৃত্যুর পর তৎকালীন ডিআইজি প্রিজন ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করেন।

বাদীপক্ষের আইনজীবী আবদুল মালেক রানা জানান, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে তিন কর্মকর্তাকে জেরার বিষয়ে তিনি কিছু জানেন না।

All Categories