বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বাড়ানোর দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। অবরোধের কারণে মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে শত শত যাত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে মহাসড়কে নেমে আসেন। সেখানে তাঁরা বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ চলাকালে শ্রমিকদের একটি অংশ এলাকার একটি টেক্সটাইল কারখানায় ভাঙচুর চালায়। এরপর তাঁরা মহাসড়কের দুই পাশের লেন আটকে দিয়ে অবস্থান চালিয়ে যান। ফলে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরাও পৌঁছাচ্ছেন।

All Categories