মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’, প্রজ্ঞাপন জারি
সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম বদলে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করেছে। সোমবার (২৬ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নাম অবিলম্বে কার্যকর হবে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ আগের মতোই থাকছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব রওশন আরা বেগম প্রজ্ঞাপনটি জারি করেন।
গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন পায়। সেই সিদ্ধান্তই এখন প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
এখন থেকে সরকারি নথিপত্র, দাপ্তরিক যোগাযোগ ও প্রজ্ঞাপনসহ সংশ্লিষ্ট সব কার্যক্রমে মন্ত্রণালয়ের নতুন বাংলা নাম ব্যবহার করতে হবে। ইংরেজি নাম অপরিবর্তিত থাকায় ইংরেজিতে মন্ত্রণালয়ের পরিচয়ে কোনো পরিবর্তন হচ্ছে না।
নারী ও শিশুর উন্নয়ন, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণমূলক কর্মসূচি পরিচালনায় এই মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।