সীতাকুণ্ডে খারাপ বাসের পাশে দাঁড়ানো যাত্রীদের লরি চাপা, নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে অপেক্ষায় থাকা একদল বাসযাত্রীকে চাপা দিয়েছে একটি দ্রুতগামী লরি। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা রয়্যাল গেট এলাকায় ভোররাত প্রায় আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী আরিফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শাপলা পরিবহনের একটি বাসে যাত্রীরা চট্টগ্রাম থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিলেন। কুমিরা রয়্যাল গেটের কাছে এলে বাসটি যান্ত্রিক সমস্যায় থেমে যায়।
চালক ও তাঁর সহকারী যখন বাসটি ঠিক করার চেষ্টা করছিলেন, তখন কয়েকজন যাত্রী নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। ঠিক সে সময় নিয়ন্ত্রণ হারানো একটি লরি তাঁদের ওপর উঠে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।