গফরগাঁওয়ে শ্যাম্পুর পানি পান করে দুই শিশুর করুণ মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু মেশানো পানি পান করে দুটি শিশু মারা গেছে। রোববার উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে ঘটনাটি ঘটে।
পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সোমবার (২৬ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলো একই গ্রামের রাহাত বেপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) এবং জনি বেপারীর মেয়ে হুমায়রা (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা একটি বড় প্লাস্টিকের বোতলে থাকা শ্যাম্পু ঘরের কোনো এক কোণে রেখে দিয়েছিলেন। রোববার সকাল ১০টার দিকে তিন শিশু বোতলটি বের করে প্লাস্টিকের হাঁড়িপাতিল নিয়ে খেলছিল। তারা শ্যাম্পুর ফেনা দিয়ে খেলনা ধুচ্ছিল। একপর্যায়ে বোতলে পানি ভরে ফেনা তৈরি করে সেই পানি পান করে ফেলে। এতে তিনজনই গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
স্বজনরা শিশুদের উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজিতকে মৃত ঘোষণা করেন। হুমায়রা ও অপর শিশুকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৭টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রার মৃত্যু হয়। তৃতীয় শিশুটি এখন সুস্থ আছে বলে জানা গেছে।
এসআই আনোয়ার হোসেন জানান, পুলিশকে জানালে ঝামেলা হতে পারে ভেবে পরিবারের কেউ বিষয়টি থানাকে জানায়নি। রাত ১১টার দিকে সংবাদকর্মীদের ফোনের পর তিনি ঘটনাস্থলে যান। নিহত শিশুদের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও তিনি জানান।