কেরানীগঞ্জের নারকেলবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুনে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন মারাত্মকভাবে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ১২টা ২৫ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। এর সাত মিনিট পর, ১২টা ৩২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ দিলে দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি আয়ত্তে আসে।

আগুন নেভার পর কারখানা থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আগুনে পুড়েই তার মৃত্যু হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ মানিক নামের একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠানটির জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মানিকের শরীরের শতভাগ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

All Categories