রায়পুরায় যাত্রীবাহী বাসে তল্লাশিতে ১৪০ রাউন্ড গুলিসহ নারী আটক

নরসিংদীর রায়পুরায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪০ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার একটি এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের জন্য এসব গুলি নেওয়া হচ্ছিল বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) ভোরে, আনুমানিক ৪টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক নারীর নাম স্বপ্ন আক্তার (৪২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুস সামাদের স্ত্রী।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, সিলেট থেকে ঢাকার দিকে আসা এনা পরিবহনের একটি বাসে পুলিশ তল্লাশি চালায়। তখন যাত্রী স্বপ্ন আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর তাঁকে আটক করা হয়।

ওসি বলেন, বাদুঘর এলাকায় দুই পক্ষের মধ্যে চলমান সংঘর্ষে ব্যবহারের জন্য গুলিগুলো বহন করছিলেন বলে ওই নারী পুলিশের কাছে স্বীকার করেছেন।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। গুলিগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

All Categories