ঝড় বোয়েলের আঘাতে যুক্তরাজ্যে দুজনের প্রাণহানি, অন্ধকারে ৯০ হাজার গ্রাহক
যুক্তরাজ্যজুড়ে আছড়ে পড়া ঝড় বোয়েলে দুজনের প্রাণ গেছে। প্রায় ৯০ হাজার গ্রাহকের ঘরে বিদ্যুৎ নেই। কয়েকটি এলাকা বন্যায় ডুবেছে, বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চলাচলে ভোগান্তি চলছে। আবহাওয়া দপ্তর নতুন করে তীব্র বাতাসের পূর্বাভাস দিয়েছে।
রোববার রাত পর্যন্ত স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে গেছে। স্কটল্যান্ডের কিছু অংশে দুই দিনেই এক মাসের স্বাভাবিক বৃষ্টির প্রায় এক-তৃতীয়াংশ ঝরেছে।
স্কটল্যান্ডের ডামফ্রিজে একটি গাছ উপড়ে পড়ায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। উত্তর লন্ডনে চলন্ত গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে বিশের কোঠার এক তরুণের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, গাছের নিচে চাপা পড়ে আহত আরও দুই নারী হাসপাতালে চিকিৎসাধীন।
টানা বৃষ্টিতে নদী ও নিচু এলাকায় বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের পরিবেশ সংস্থা একাধিক বন্যা সতর্কতা জারি করেছে।
ঝড় ও সড়কে গাছ পড়ার কারণে সড়ক ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত। স্কটল্যান্ডের বেশ কিছু প্রধান সড়ক বন্ধ, ট্রেন চলাচল সাময়িক স্থগিত। খারাপ আবহাওয়ায় বিভিন্ন বিমানবন্দরে অনেক ফ্লাইট বাতিল বা ভিন্ন পথে চালাতে হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও মঙ্গলবার থেকে আবার ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হতে পারে। তাই স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় সতর্কতা বহাল রয়েছে।