ইউক্রেনের ড্রোন হামলায় স্টারলিংক ব্যবহারের পথ বন্ধ করেছেন বলে জানালেন মাস্ক
ইউক্রেনের সেনারা বেসামরিক স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংক ব্যবহার করে ড্রোন হামলা চালানোর যে সুযোগ পেয়ে আসছিল, তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। একই সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত করতে চাওয়া পক্ষগুলোকে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেছেন।
ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে টানাপোড়েন বাড়ার মধ্যেই শনিবার মাস্ক এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, যুদ্ধ থামানোর একাধিক সুযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার হাতছাড়া করেছেন। রাশিয়ার তেলনির্ভর অবকাঠামোয় হামলা চালিয়ে তিনি বিশ্বব্যাপী জ্বালানি সংকটও গভীর করছেন বলে ট্রাম্পের দাবি।
এক্সে দেওয়া পোস্টে মাস্ক জানান, মানুষ হত্যার উদ্দেশ্যে চালানো আক্রমণাত্মক ড্রোন অভিযানে এই বাণিজ্যিক সেবা ব্যবহারের অনুমতি কখনোই ছিল না। তাঁর ভাষ্য, ইউক্রেনের সামরিক বাহিনী শর্ত ভেঙে এ কাজে স্টারলিংক কাজে লাগিয়েছিল এবং গত সপ্তাহে সেই ফাঁক বন্ধ করা হয়েছে।
তিনি স্টারলিংকের বাণিজ্যিক নেটওয়ার্ককে স্টারশিল্ড থেকে আলাদা করে উল্লেখ করেন। স্টারশিল্ড যুক্তরাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে থাকা সামরিক মানের পৃথক একটি স্যাটেলাইট ব্যবস্থা। এ প্রসঙ্গে মাস্কের মন্তব্য, ওই ব্যবস্থায় কী হবে, তা সংশ্লিষ্টদের নিজস্ব বিষয়।
ইউক্রেনের ড্রোনের গতি কমে যাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকতে পারে বলে মাস্কের সন্দেহ। যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে থাকা নামহীন “যুদ্ধবাজ”দের প্রতি নিজের চরম ঘৃণার কথা জানিয়ে তিনি লিখেছেন, নৈতিকতার বুলি আওড়ে যারা অবিরাম হত্যাযজ্ঞের পক্ষে দাঁড়িয়েছে অথচ সংঘাতের বাস্তবসম্মত সমাধান দেয়নি, তারা নরকে জ্বলুক।
স্যাটেলাইট সেবায় নিষেধাজ্ঞার এ ঘটনা নিয়ে কয়েক দিন ধরে বিতর্ক চলছে। কিয়েভের অভিযোগ, সেবা ধীর হয়ে যাওয়ায় তাদের ড্রোন অভিযান ব্যাহত হয়েছে।
মাস্ক অবশ্য বলেছেন, ইউক্রেনের সামরিক যোগাযোগ ও রণাঙ্গনে টিকে থাকার জন্য স্টারলিংক এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টারলিংক বন্ধ হলে ইউক্রেনের সম্মুখ প্রতিরক্ষা সঙ্গে সঙ্গে ভেঙে পড়বে বলেও তিনি মন্তব্য করেন; তবে এটিকে হুমকি নয়, বরং ইউক্রেনীয় বাহিনীর নির্ভরতার মূল্যায়ন বলে উল্লেখ করেন।
শনিবার কিয়েভ জানিয়েছে, স্টারলিংক ও স্টারশিল্ডের সেবা আগের গতিতে ফিরেছে। সংকট কাটাতে সহায়তার জন্য ইউক্রেনীয় কর্মকর্তারা ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের অন্য প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে চলতি মাসের শুরুতে বৈশ্বিক ডিজেল সংকট কমাতে ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হওয়া চুক্তিকে জেলেনস্কি “দুর্বল সিদ্ধান্ত” বললে মাস্ক মন্তব্য করেছিলেন, জেলেনস্কি সীমা ছাড়িয়ে গেছেন।