চার বছরের সর্বোচ্চে ইউরোপের গ্যাসের দাম, শীতের আগে জ্বালানি সংকটের শঙ্কা

মধ্যপ্রাচ্যের সংঘাত ও অস্থিরতার প্রভাবে শীত শুরুর আগেই ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে।

সপ্তাহান্তের বিরতির পর সোমবার (২৬ অক্টোবর) বাজার চালু হতেই ইউরোপের গ্যাস সূচক ৩ দশমিক ৩ শতাংশ চড়ে যায়। প্রতি মেগাওয়াট-ঘণ্টা গ্যাসের দাম দাঁড়ায় ৯৭ ইউরোর বেশি, যা প্রায় ১০৮ দশমিক ৮ মার্কিন ডলারের সমান। ২০২২ সালের ডিসেম্বরের পর এত বেশি দাম আর দেখা যায়নি।

দাম বাড়ার প্রধান কারণ পারস্য উপসাগর অঞ্চল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের বড় ধরনের ঘাটতি। বিশ্বের মোট এলএনজি চাহিদার প্রায় পাঁচ ভাগের এক ভাগ আসে এই অঞ্চল থেকে। চলমান সংঘাতের কারণে গত বছরের একই সময়ের তুলনায় সরবরাহ প্রায় ৮০ শতাংশ কমে গেছে।

এদিকে ইউরোপের নিজস্ব মজুদও চাপে রয়েছে। গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপের তথ্যমতে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সংরক্ষণাগার এখন ধারণক্ষমতার মাত্র ৭৪ দশমিক ৬ শতাংশ ভরা, যা বছরের এ সময়ের স্বাভাবিক গড়ের তুলনায় অনেক কম।

বৈশ্বিক সরবরাহ কমে যাওয়া এবং অভ্যন্তরীণ মজুদে ঘাটতি, এই দুইয়ে মিলে শীত আসার আগেই ইউরোপের জ্বালানি বাজার অস্থির হয়ে পড়েছে।

All Categories