টেকনাফের কাউন্সিলর একরামুল হত্যা: হাসিনা-বদিসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

টেকনাফের কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নাটকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ শুনানি হবে। এ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে যুক্তি উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের প্যানেলে শুনানির দিন ঠিক আছে। প্যানেলের নেতৃত্বে আছেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

প্রসিকিউশন সূত্র জানায়, শুনানির জন্য আগে ২৭ সেপ্টেম্বর দিন রাখা হয়েছিল। কিন্তু ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ বেঞ্চ না বসায় এবং রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় আদালত নতুন করে আজকের তারিখ ঠিক করেন।

মামলার ১১ আসামির মধ্যে চারজন এখন কারাগারে আছেন। তাঁরা হলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র‍্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান। বাকি সাতজন, শেখ হাসিনাসহ, পলাতক।

পলাতকদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান ও ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ।

গত ২৫ আগস্ট ট্রাইব্যুনাল দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে পলাতকদের আত্মসমর্পণের নির্দেশ দেন। ৭ সেপ্টেম্বর গ্রেপ্তার চার আসামিকে হাজির করা হলেও পলাতক সাতজন আসেননি। তখন তাঁদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। আগে ২৬ জুলাই প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল আমলে নেন।

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাত প্রায় সাড়ে ১০টায় টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে কিরণতলীর ‘হোটেল নেটং’-এর সামনের সড়ক থেকে তুলে নেওয়া হয়। এরপর রাত ১১টা থেকে ১২টার মধ্যে নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের পাশে সাগরতীরে র‍্যাবের সাজানো ‘বন্দুকযুদ্ধে’ তাঁকে গুলি করে হত্যা করা হয়।

আসামিদের বিরুদ্ধে বেআইনি আটক, অপহরণ, ভুয়া বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যা, অপরাধে সহায়তা ও প্ররোচনা এবং শীর্ষ পর্যায় থেকে হত্যার নির্দেশ দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

All Categories