স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে পোস্ট, সখীপুরের যুবদল নেতা বহিষ্কার

ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে পোস্ট দেওয়ার জেরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বহিষ্কারাদেশ কার্যকর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতৃত্বকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন রফিকুল বারী। এমন নির্দিষ্ট অভিযোগেই তাঁকে বহিষ্কার করা হয়েছে।

গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’। তবে কেন তাঁর মনে কষ্ট এবং কী প্রেক্ষাপটে তিনি এ দাবি তুলেছেন, তা ওই পোস্টে স্পষ্ট করেননি।

পরের দিন শনিবার সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এতে প্রধানমন্ত্রীরও ক্ষতি হচ্ছে।

All Categories