তারেক রহমানের সঙ্গে টোকিওতে সাক্ষাৎ করল জাপানের সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল, বিনিয়োগ বাড়ানোর আহ্বান

জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও মৈত্রী লীগের সভাপতি তারো আসোর নেতৃত্বে দলটি স্থানীয় সময় বিকেল ৩টায় টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরসহ পারস্পরিক স্বার্থের নানা বিষয়ে আলোচনা হয়। রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান তারো আসোকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন দায়িত্বে থাকার সময় তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রেখেছেন। বৈঠকে তারেক রহমান ২০০৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে জাপান সফরের কথা স্মরণ করেন, আর তারো আসো স্মরণ করেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতি।

তারো আসো বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী ও সাম্প্রতিক রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে এবং জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। জবাবে প্রধানমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে এবং এ লক্ষ্যে কিছু আইনি পরিবর্তনও আনা হচ্ছে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতের উদ্যোগের কথাও তিনি প্রতিনিধিদলকে জানান।

অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের প্রেক্ষাপটে জাপানি বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরে তারো আসোর সহযোগিতা চান প্রধানমন্ত্রী। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাপানের অব্যাহত সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টা এবং জাপানের পক্ষে এলডিপি চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা ও মন্ত্রী তাতসুনোরি ইবায়াশি উপস্থিত ছিলেন।

All Categories