রাশিয়ার জ্বালানি নিয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান, কড়া নিরাপত্তা
রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় পৌঁছেছে। প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য এই জ্বালানি আনা হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টা ৪৬ মিনিটে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় ঢোকে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চালানটি নেওয়া হয়।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ১৪ মিনিটে জ্বালানি বহনকারী একটি বিশেষ কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা আছে। পাশাপাশি প্রথম ইউনিটে নতুন করে জ্বালানি দিতে আরও দুটি কার্গো চালানে ৪৮টি অ্যাসেম্বলি আগেই আনা হয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এই জ্বালানি দেশে পৌঁছানোর কথা।
রাশিয়ার প্রযুক্তিতে তৈরি রূপপুর কেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটির ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট, অর্থাৎ দুটি মিলিয়ে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
এদিকে প্রথম ইউনিটে বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা শেষ হয়েছে। এসব পরীক্ষার প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ চূড়ান্ত অনুমোদন দিলে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপ স্টেজ-সি বা পাওয়ার স্টার্টআপে যাবে। সেখানে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে যন্ত্রপাতি ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। সব পরীক্ষা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন শেষে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।