লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে ঢাকায় ফিরলেন ১৭৪ প্রবাসী
লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থান করা ১৭৪ বাংলাদেশি নিজ দেশে ফিরে এসেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং সরকারের যৌথ উদ্যোগে একটি বিশেষ ফ্লাইটে তাঁদের ফেরত আনা হয়।
মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে ত্রিপোলি থেকে ছেড়ে আসা বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করেছে। লিবিয়া সরকার ও আইওএমও এ প্রক্রিয়ায় সরাসরি সহায়তা দিয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ফেরত আসা ব্যক্তিদের বেশির ভাগই দালালচক্রের প্ররোচনায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিসহ ইউরোপের দেশগুলোতে যেতে চেয়েছিলেন। কিন্তু লিবিয়ায় পৌঁছে তাঁদের অনেকে পাচারকারীদের হাতে জিম্মি হন, অপহরণের শিকার হন এবং নির্যাতন সহ্য করেন।
বিমানবন্দরে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং আইওএমের প্রতিনিধিরা তাঁদের স্বাগত জানান। কর্মকর্তারা তাঁদের অনুরোধ করেন, অবৈধ পথে বিদেশে যাওয়ার ঝুঁকির কথা এলাকার মানুষকে জানাতে, যাতে আর কেউ দালালের ফাঁদে না পড়ে।
প্রত্যেক ফেরত আসা ব্যক্তিকে আইওএমের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা, জরুরি খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যাঁদের তাৎক্ষণিক থাকার জায়গা দরকার, তাঁদের জন্য সাময়িক আশ্রয়ের ব্যবস্থাও করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে এখনো থাকা বাংলাদেশিদের শনাক্ত করে নিরাপদে ফিরিয়ে আনতে দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।