অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ‘অর্ণব’, ২৮ অক্টোবর অন্ধ্র উপকূল অতিক্রমের আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

সোমবার সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয় এবং সোমবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়। তখন এটি পূর্ব-মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল।

পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে সোমবার মধ্যরাতের দিকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে উত্তর-পশ্চিমে এগিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ২৮ অক্টোবর নাগাদ অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা আছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

All Categories