Oct 27, 2026
টেস্ট শুরুর ঠিক আগে অনুশীলনে আঙুলে চোট পেলেন মুশফিকুর রহিম

টেস্ট শুরুর ঠিক আগে অনুশীলনে আঙুলে চোট পেলেন মুশফিকুর রহিম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বুধবার মিরপুরে শুরু হচ্ছে। তার আগের দিনই বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তা তৈরি করেছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের চোট।

মঙ্গলবার সকালে মিরপুরে অনুশীলনে নামে টাইগাররা। নেটে ব্যাটিং করার সময় বল গিয়ে লাগে মুশফিকের হাতের আঙুলে। ব্যথা পাওয়ার পর তিনি আর অনুশীলন চালিয়ে যাননি।

জানা গেছে, নেটে বল ছুড়ে দেওয়ার দায়িত্বে থাকা থ্রোয়ারের একটি বল তাঁর আঙুলে আঘাত করে। দলের ফিজিও বায়েজেদুল ইসলামকে তাৎক্ষণিক চোটের জায়গাটি দেখান মুশফিক, এরপর ড্রেসিংরুমে ফিরে যান। চোট কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়।

টেস্ট দলের অন্যতম ভরসার নাম মুশফিক। শতাধিক টেস্ট খেলা এই ব্যাটার যদি প্রথম ম্যাচে মাঠে নামতে না পারেন, তাহলে একাদশে সুযোগ পেতে পারেন তাওহিদ হৃদয়। এ কারণে টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

All Categories