ইসরায়েলের নির্বাচনে আরব ভোটারদের ভিডিও করার পরিকল্পনা, কারচুপির অভিযোগের প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহুর দল?
ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে আরব মুসলিম ভোটারদের ছবি ও ভিডিও ধারণ করতে বিশেষ কর্মীদল মাঠে নামানোর পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ। ইসরায়েলি দৈনিক হারেৎজের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেলে এই ফুটেজ দেখিয়ে ভোট জালিয়াতির অভিযোগ তোলার প্রস্তুতি হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, আরব-অধ্যুষিত এলাকার কেন্দ্রগুলোর ওপর নজর রাখা, ভোটারদের তথ্য নথিভুক্ত করা এবং তা সরাসরি দলীয় সদর দপ্তরে পাঠানোর জন্য কর্মী নিয়োগে লিকুদ লাখ লাখ শেকেল খরচ করেছে। গত কয়েক সপ্তাহে গড়া এসব দল কেন্দ্রের ভেতরে ঢুকবে না, বরং বাইরে অবস্থান করবে। এতে সরকারি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য প্রযোজ্য কঠোর নিয়ম এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
দলটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের কেউ কেউ এমন এক প্রচারণা নিয়ে আলোচনা করেছেন, যেখানে বড় পরাজয় হলে নির্বাচনে কারচুপির দাবি তোলা হবে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, কয়েকজন কর্মকর্তা এ পথে হাঁটতে প্রধানমন্ত্রীকেও চাপ দিচ্ছেন এবং তিনি বিষয়টি ভেবে দেখছেন। তবে তিনি নিজে এ-সংক্রান্ত কোনো বৈঠকে অংশ নিয়েছেন, এমন প্রমাণ মেলেনি।
নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত লিকুদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ২০২২ সালের নির্বাচনে ওঠা অনিয়মের অভিযোগ প্রসঙ্গে বলেছেন, সেই নির্বাচন ছিল এবারের জন্য একধরনের মহড়া। সূত্রগুলো আরও বলছে, কেন্দ্রের বাইরে ধারণ করা ভিডিও ভোট কারচুপির প্রমাণ হিসেবে ছড়িয়ে দেওয়া হতে পারে, যদিও এসব দলের ভোটারের পরিচয় যাচাইয়ের কোনো আইনি ক্ষমতা নেই। এর পাশাপাশি সারা দেশের পর্যবেক্ষকদের জন্য ভোট জালিয়াতি নজরদারির একটি আলাদা কেন্দ্রও খোলা হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এটিই দেশটির প্রথম সাধারণ নির্বাচন।