সুদানের দারফুরে বাজারে ড্রোন হামলা, প্রাণ গেল অন্তত ২১ জনের
সুদানের পশ্চিমাঞ্চলের দারফুর অঞ্চলের প্রধান শহর নিয়ালায় ড্রোন হামলায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার এই ঘটনায় আরও অন্তত ৪০ জন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর এসেছে। নিয়ালার একটি হাসপাতালের চিকিৎসক জানান, আগের রাতের হামলায় নিহতের সংখ্যা ২১ এবং আহতের সংখ্যা চল্লিশের বেশি।
এক বাসিন্দার বর্ণনা অনুযায়ী, স্থানীয় সময় রাত আটটার দিকে শহরের উত্তরাংশের একটি বাজারে হামলাটি চালানো হয়। সেখানে সাধারণ মানুষের পাশাপাশি অস্ত্রধারীদেরও আনাগোনা ছিল, বিশেষ করে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যদের।
নিয়ালা এখন কার্যত আরএসএফের দখলে। বাহিনীটি সেখানে নিজস্ব প্রশাসন চালু করেছে, যা খার্তুমভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সেনাবাহিনীর কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করছে। শহরটিতে সেনাবাহিনীও নিয়মিত হামলা চালিয়ে আসছে।
তবে এবারের হামলা কে চালিয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আরএসএফের সংঘাতে দেশটিতে বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং বিশ্বের অন্যতম ভয়াবহ ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকট তৈরি হয়েছে।