সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এলিজা জামানের প্রার্থিতা বৈধ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি ছাড়া আর কেউ প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁর সংসদ সদস্য হওয়ার পথ প্রায় নিশ্চিত হয়ে গেল।
মঙ্গলবার নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ সিদ্ধান্ত জানান।
তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। সেই সময় পার হলে এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে কমিশন।
গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। মিরপুরের রাড্ডা মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তাঁর নাম আলোচনায় আসার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি পদ ছাড়েন।
এলিজা জামান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক।
সংসদের ৩৫০ আসনের মধ্যে ৩০০টিতে সরাসরি ভোটে সদস্য নির্বাচিত হন, বাকি ৫০টি নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাতে আইন অনুযায়ী এসব আসন বণ্টন হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ৩৬টি সংরক্ষিত আসন পেয়েছিল।