সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত কমিটির প্রধানকে নথিসহ আদালতে হাজির হতে বললেন হাইকোর্ট
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কোন পর্যায়ে আছে, তা জানতে উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটির প্রধানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী বছরের ২৭ এপ্রিল প্রয়োজনীয় সব নথিসহ তাঁকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই দিন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহাকেও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে টাস্কফোর্স কমিটিকে আরও ছয় মাস সময় বেঁধে দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে এ আদেশ দেন।