সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় পরিশোধনকারী কোম্পানিগুলো

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়া এবং দেশে জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার যুক্তি দেখিয়ে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে তেল পরিশোধনকারী কোম্পানিগুলো।

বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা দাম লিটারপ্রতি ২০৪ টাকা। কোম্পানিগুলো এটি বাড়িয়ে ২১৮ টাকা করতে চায়। পাশাপাশি পাঁচ লিটারের বোতলের দাম ১ হাজার টাকা থেকে ১ হাজার ৭০ টাকা এবং খোলা তেলের দাম লিটারে ১৮৫ টাকা থেকে ১৯৯ টাকা করার আবেদন করা হয়েছে।

সবশেষ ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন এক লিটারের বোতলের দাম ছিল ১৯৯ টাকা।

গত ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি পাঠিয়ে নতুন দাম চেয়েছে ভোজ্যতেল উৎপাদক ও পরিশোধনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানায়, ২৫ অক্টোবর থেকে নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বাণিজ্য মন্ত্রণালয় এখনো এতে সম্মতি দেয়নি।

সংগঠনের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা চিঠিতে উল্লেখ করেছেন, গত ছয় মাস ধরে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ক্রমাগত বাড়ছে। টনপ্রতি দাম ১ হাজার ৩০০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৩২৫ ডলারে পৌঁছেছে। বর্তমান আন্তর্জাতিক দর ধরলে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের খরচ পড়ে প্রায় ২৩৩ টাকা, তার ওপর যোগ হয়েছে দেশের জ্বালানি ও পরিবহন ব্যয়ের চাপ।

চিঠিতে আরও বলা হয়, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয়ের সময় সরকার দ্রুত আবার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিল। কিন্তু দীর্ঘদিন দাম না বাড়ায় লোকসান দিয়েই সরবরাহ স্বাভাবিক রাখতে হচ্ছে। দ্রুত দাম সমন্বয় না করলে সরবরাহ ব্যাহত হতে পারে, যার প্রভাব আসন্ন রমজানে পড়ার আশঙ্কাও করেছে কোম্পানিগুলো।

All Categories