কক্সবাজারে তিন এলাকায় অভিযান, জাল ব্যান্ডরোল লাগানো প্রায় ২৮ লাখ টাকার সিগারেট জব্দ
কক্সবাজারের তিনটি জায়গায় একসঙ্গে অভিযান চালিয়ে জাল ব্যান্ডরোল লাগানো ৪ লাখ ৬১ হাজার শলাকা সিগারেট আটক করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা সিগারেটের বাজারমূল্য আনুমানিক ২৭ লাখ ৬৬ হাজার টাকা।
বুধবার (২৮ অক্টোবর) কক্সবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারের রাজস্ব ফাঁকি ঠেকাতে চকরিয়া, কক্সবাজার সদর এবং টেকনাফের হ্নীলা এলাকায় একই সময়ে অভিযান চালানো হয়েছে। কমিশনারেটের তিনটি আলাদা দল এই অভিযানে অংশ নেয়।
অভিযানে বিভিন্ন স্থান থেকে ‘মার্বেল’ ব্র্যান্ডের এসব সিগারেট উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ হওয়া সিগারেটের প্রস্তুতকারক হিসেবে হেরিটেজ টোব্যাকোর নাম পাওয়া গেছে।
কমিশনারেটের ভাষ্য, ফাঁকি দেওয়া রাজস্ব শনাক্ত ও আদায় এবং রাষ্ট্রীয় রাজস্ব রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।