মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে, আগে করা রিপোর্ট বাতিল

মালয়েশিয়ায় চাকরির জন্য যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হচ্ছে আগামী শনিবার, ৩১ অক্টোবর থেকে। সরকারের অনুমোদন পাওয়া মেডিকেল কেন্দ্রেই কেবল এই পরীক্ষা করানো যাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, এই তারিখের আগে করা কোনো মেডিকেল রিপোর্ট বৈধ বলে গণ্য হবে না।

বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় বিষয়টি জানায়।

মন্ত্রণালয়ের ভাষ্য, পরীক্ষার জন্য অনুমোদিত কেন্দ্রগুলোর তালিকা অল্প সময়ের মধ্যেই তাদের ওয়েবসাইটে দেওয়া হবে। কর্মীদের ওই ওয়েবসাইটের হালনাগাদ তথ্য নিয়মিত দেখে নিতে বলা হয়েছে। সরকারি নির্দেশনা মানা এবং সক্ষমতার বিচারে তালিকায় পরিবর্তনও আসতে পারে।

নির্দেশনায় বলা হয়েছে, ৩১ অক্টোবরের আগে কোনো কর্মীর মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না। এর আগে করা পরীক্ষার রিপোর্ট ইমিগ্রেশন ছাড়পত্রের জন্য নেওয়া কিংবা প্রক্রিয়া করা হবে না।

এদিকে মন্ত্রণালয়ের নজরে এসেছে, মেডিকেল পরীক্ষার কথা বলে কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি কোনো অনুমোদন ছাড়াই কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও অর্থ নেওয়ার চেষ্টা করছে। এমন প্রতারণা থেকে সাবধান থাকতে কর্মীদের অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয় পরিষ্কার জানিয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কোনো মেডিকেল কেন্দ্র বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে বা করাতে পারবে না। অনুমোদন সম্পর্কে নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিডিআর ভিসা–সংক্রান্ত নথি জমা দিতে হবে।

নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট মেডিকেল কেন্দ্র ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে মেডিকেল কেন্দ্রের কার্যক্রম বন্ধ, এজেন্সির কর্মী পাঠানো স্থগিত এবং অনুমোদন বাতিলও হতে পারে।

অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা অন্য কোনো অনিয়মের খবর পেলে ঘটনার তারিখ, জায়গা, জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ও প্রমাণসহ তা মন্ত্রণালয়কে জানাতে অনুরোধ করা হয়েছে।

প্রবাসী কর্মীদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে মন্ত্রণালয়ের নজরদারি চলবে বলেও জানানো হয়েছে।

All Categories