এক দিনের ব্যবধানে ফের চড়ল সোনার বাজার, ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। সংগঠনটি জানায়, সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের ভাষ্য, ওই দিন সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) একই মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। অর্থাৎ একদিনেই ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারিত হয়েছে।
সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এখনো ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হচ্ছে।