ইসরায়েলের নির্বাচনে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে নেতানিয়াহুর জোট ৫৫ আসনে এগিয়ে, সরকার গঠনে প্রয়োজন আরও ছয়

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে অর্ধেকের বেশি ভোট গণনা শেষ হয়েছে। এ পর্যন্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৫টি আসনে এগিয়ে আছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে জোটটির আরও ছয়টি আসন দরকার।

বুধবার (২৮ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশ করা প্রাথমিক ফলে এ চিত্র উঠে এসেছে। এ পর্যন্ত প্রায় ২৮ লাখ ভোট গণনা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।

প্রাথমিক ফল অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে সবার ওপরে আছে। গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি পেয়েছে ১৬ দশমিক ৭ শতাংশ ভোট, যা তাদের দ্বিতীয় স্থানে রেখেছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট ৯ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে নেতানিয়াহুর জোট ৫৫টি এবং বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে। আংশিক ফলাফলে আরব নেতৃত্বাধীন দলগুলোর ১৬টি আসন পাওয়ার ইঙ্গিত মিলেছে।

১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে সরকার গঠনে অন্তত ৬১ আসনের সমর্থন লাগে। ফলে নেতানিয়াহুর জোট এগিয়ে থাকলেও এখনো এককভাবে সরকার গঠনের মতো জায়গায় পৌঁছায়নি।

গণনার শুরুর দিকে লিকুদ পার্টির ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ। পরে তা কমে ২১ দশমিক ৭ শতাংশে নামে। সর্বশেষ গণনায় তা আরও কমে ২০ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে গণনা এগোনোর সঙ্গে সঙ্গে আইজেনকোটের ইয়াশার পার্টির ভোটের হার বেড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা এখনো চলছে। তাই চূড়ান্ত ফল ঘোষণার আগে দলগুলোর ভোটের হার ও সম্ভাব্য আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।

All Categories