চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হাতির হাত থেকে ধান বাঁচাতে পাহারায় গিয়ে কৃষক খুন, দুই হাত কাটা মরদেহ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজের আমন ধানের খেত পাহারা দিতে গিয়ে নেজাম উদ্দিন (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর এলাকায় একটি বিলের পাশ থেকে দুই হাত কাটা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল স্লুইস গেট এলাকার রফিকুল ইসলাম রক্করের ছেলে। কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে তিনি সংসার চালাতেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে হাতির আক্রমণ থেকে ফসল রক্ষা করতে নেজাম খেতের পাশে পাহারা দিচ্ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ বিলের ধারে ফেলে যায়।
কয়েকটি স্থানীয় সূত্রের দাবি, কিছুদিন আগে ঘর তোলাকে কেন্দ্র করে তাঁর কাছে চাঁদা চেয়েছিল দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সেটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে দুই হাত কেটে নেজামকে হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।