মানহানি ও সাইবার হয়রানির অভিযোগে অভিনেত্রী তিশাকে আইনি নোটিশ
মানহানি, ভুল তথ্য ছড়ানো ও সাইবার হয়রানির অভিযোগ তুলে অভিনেত্রী তানজিন নাহার তিশার কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এক ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর পক্ষে বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, তিশার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি আলাদা মামলা করেছেন বাদী, যা এখনো চলমান। অভিযোগ অনুযায়ী, গত ২৭ অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিশা বাদীর বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রচার করেছেন। পাশাপাশি গণমাধ্যমকেও তিনি বিভ্রান্তিকরভাবে তুলে ধরছেন বলে নোটিশে দাবি করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে তিশা বাদীকে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বাদীর দাবি, সেই ধারাবাহিকতায় এখন তাঁর ছবি ফেসবুকে প্রকাশ করে সম্মানহানি করা হচ্ছে।
নোটিশে উল্লেখ করা হয়, ফেসবুকে একটি পোস্টে দুই নারীকে বোন হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে তাঁরা বোন নন। একজন ফ্যাশন ডিজাইনার, অন্যজন নারী উদ্যোক্তা; তাঁদের মধ্যে কেবল পরিচয় আছে। বাদীর অভিযোগ, এ সম্পর্ককে নেতিবাচকভাবে তুলে ধরে তাঁর মানহানি করা হচ্ছে।
এ ছাড়া তিশা নিজের ফেসবুক পোস্টে দুই শিশুর ছবি প্রকাশ করেছেন বলে নোটিশে বলা হয়েছে। এসব ছবি প্রকাশে বাদী বা শিশুদের পরিবারের কোনো অনুমতি নেওয়া হয়নি, যা সাইবার সুরক্ষা আইন ২০২৩-এর স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।
নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তিশার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বাদীর ছবি ও সংশ্লিষ্ট সব লেখা সরিয়ে ফেলতে এবং ভবিষ্যতে এমন কিছু প্রকাশ না করতে বলা হয়েছে। অন্যথায় আর্থিক মানহানির মামলা ও সাইবার ট্রাইব্যুনালসহ যেকোনো আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।