সৌদি আরবে সীমিত ফ্লাইট চলাচল, ১৫৩টি ফ্লাইট ব্যাহত—আটকে পড়লেন ২২ হাজারের বেশি যাত্রী
সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল সীমিত রাখায় এ পর্যন্ত ১৫৩টি ফ্লাইটের সূচিতে ব্যাঘাত ঘটেছে। এতে দুর্ভোগে পড়েছেন ২২ হাজার ৬৩৬ জন যাত্রী। ব্যাহত ফ্লাইটের মধ্যে ৭৬টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।
বুধবার (২৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী এ তথ্য জানান।
তাঁর দেওয়া হিসাবে, সরাসরি ফ্লাইট পরিচালনাকারী সংস্থাগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি, রিয়াদ এয়ারের ১৩টি এবং ইউএস-বাংলার ১০টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
আর ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাই ও এয়ার ইন্ডিয়ার ৮টি করে, সালামএয়ারের ৭টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৫৩টি ফ্লাইটে এর প্রভাব পড়েছে। তবে এই হিসাব ঠিক কোন সময়ের মধ্যে, তা স্পষ্ট করে জানানো হয়নি।