ফোনে কথা বললেন এরদোগান ও ট্রাম্প, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে এ কথা জানায়। তুরস্কের সরকারি সম্প্রচারমাধ্যম টিআরটির প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
বিবৃতি অনুযায়ী, আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ১০০ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে এবং সব খাতে সহযোগিতা বাড়াতে তুরস্ক কাজ করবে বলে ফোনালাপে জানান এরদোগান।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতির দিকে তুরস্ক এবং যৌথ প্রতিরক্ষা জোটের অন্য অংশীদাররা নিবিড় নজর রাখছে। এসব সংকট কূটনৈতিক পথে মেটাতেও তাঁরা চেষ্টা করছেন। অঞ্চলে উত্তেজনা কমাতে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়া ঠেকাতে কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দেন তুর্কি প্রেসিডেন্ট।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা নতুন করে শুরু হলে এবং আলোচনার মধ্য দিয়ে যুদ্ধ থামানোর চেষ্টায় সহায়তা করতে আঙ্কারা প্রস্তুত বলেও জানান এরদোগান। বিবৃতিতে বলা হয়, সংঘাত মেটাতে সংলাপ ও কূটনৈতিক যোগাযোগকেই গুরুত্ব দিয়ে আসছে তুরস্ক।
ফোনালাপে তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এরদোগান ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানান ট্রাম্প। পাশাপাশি তুর্কি রাষ্ট্রগুলোর সংগঠন অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটসের আসন্ন সম্মেলন সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।