মস্কো লক্ষ্য করে রাতভর ৬১৩ ড্রোন হামলার দাবি রাশিয়ার, খারকিভেও আঘাত

রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে এক রাতে ৬১৩টি ড্রোন ছোড়া হয়েছে বলে দাবি করেছে মস্কো। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ড্রোনের বেশির ভাগই আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে জানা যায়, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানিয়েছেন, শহরের দিকে আসার পথে ২৩১টি চালকবিহীন আকাশযান ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা বাহিনী। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহর থেকে দূরের এলাকাগুলোতে বাকি ড্রোনও ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মস্কো অঞ্চলে সাম্প্রতিক সময়ের বড় ড্রোন হামলাগুলোর একটি এটি। এর আগে গত সেপ্টেম্বরে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী রেকর্ডসংখ্যক হামলাকারী ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। তখন এক হাজার ৬০০টির বেশি ড্রোন ধ্বংসের কথা জানানো হয়।

অন্যদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও হামলা চালিয়েছে রাশিয়া। শহরের মেয়র ইহর তেরেখভ টেলিগ্রামে জানান, এতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

All Categories