ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার সাত জনের মৃত্যু, চালক ইকবাল গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীতে বাসের চাপায় অটোরিকশার সাত যাত্রী ও চালকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বাসচালক ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

কোতোয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে, ইকবাল গাজীপুর সদর উপজেলার পালের পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। থানার ওসি শিবিরুল ইসলাম জানান, মামলা হওয়ার পর থেকেই চালককে ধরার চেষ্টা চলছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গত ২ অক্টোবর দুপুরে নগরীর রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই দিন সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের বাসিন্দা মোবারক আলী বাদী হয়ে চালকের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন। দুর্ঘটনায় তিনি তাঁর মা, ভাই, ভাতিজি ও নাতিকে হারান।

নিহত সাতজনের মধ্যে ছয়জন ছিলেন অটোরিকশার যাত্রী, একজন চালক। নিহতরা হলেন জামালপুরের দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তাঁর ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)। এ ছাড়া একই জেলার বীর গোবিন্দপুর গ্রামের সিএনজিচালক সুজন আলী (৪৪), বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তাঁর স্ত্রী মমতা বেগম (৩৯) প্রাণ হারান।

All Categories