সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ দিলেন আদালত

মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বাধীন সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভুর আয়কর নথিও জব্দের আদেশ এসেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। দুদকের দুজন কর্মকর্তা গতকাল বুধবার আবেদন দুটি জমা দিয়েছিলেন।

সূচনা ফাউন্ডেশনের বিষয়ে আবেদনে বলা হয়েছে, ২০১৫-১৬ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ৯৯ লাখ ৪ হাজার টাকা কর জমা না দিয়ে ভুয়া কর জমার নথি তৈরি করেছে। অডিট প্রতিবেদনে সেই অর্থ আয়কর খরচ হিসেবে দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।

এ ছাড়া ফাউন্ডেশনটির নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে ৫৩১ কোটি ৭৭ লাখ টাকা জমা ও ৪৬৫ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনসহ অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুদক আগেই মামলা করেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সব রেকর্ড জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে ধীরেন্দ্রনাথ শম্ভুর আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক খায়রুল হাসান। আবেদনে বলা হয়, তাঁর বিরুদ্ধে দুদক আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা রয়েছে। আয়-ব্যয়ের সঠিকতা এবং অন্য কোনো সম্পদ আছে কি না, তা যাচাইয়ের জন্য নথি পর্যালোচনা আবশ্যক।

All Categories