Oct 29, 2026
এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে পুরুষ রিকার্ভ দলের সোনা জয়

এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে পুরুষ রিকার্ভ দলের সোনা জয়

এশিয়া কাপ আর্চারিতে পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে সোনার পদক জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়েছে আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফির দল।

চার সেট শেষে বাংলাদেশের মোট পয়েন্ট ২১২, আর কাজাখস্তানের ২১০। ফাইনালের শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম সেটে ৫০ পয়েন্ট তুলে বাংলাদেশ পিছিয়ে পড়ে, কাজাখস্তান পায় ৫৩।

দ্বিতীয় সেটে ৫৫–৫৪ পয়েন্টে এগিয়ে ম্যাচে সমতা ফেরান সাগর ও আলিফরা। তৃতীয় সেটেও ৫৫–৫২ ব্যবধানে জিতে লিড নেয় বাংলাদেশ। শেষ সেটে দুই দলই চাপে ছিল, তবে ৫২–৫১ পয়েন্টে জিতে ম্যাচ নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

দলের হয়ে সবচেয়ে বেশি পয়েন্ট এসেছে আলিফের কাছ থেকে, চার সেটে তাঁর সংগ্রহ ৭৬। রাফি করেছেন ৭০ ও সাগর ৬৬ পয়েন্ট।

এশিয়া কাপ ও বিশ্ব র‍্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে এটি বাংলাদেশের দ্বিতীয় সোনা। এর আগে নারী কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০–২২০ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছিল বাংলাদেশের মেয়েরা।

All Categories