গাজার শিশুদের চিকিৎসায় এক লাখ পাউন্ডের বেশি তহবিল তুললেন হামজা চৌধুরী
গাজার যুদ্ধাহত ও অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য এক লাখ পাউন্ডের বেশি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা তহবিল সংগ্রহ করেছেন শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। অনুদানদাতা ও সমর্থকদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা নুজুম স্পোর্টসের সঙ্গে যৌথভাবে এই দাতব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২০ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি পেশাদার ক্রীড়াঙ্গনে মুসলিম অ্যাথলেটদের মানসিক স্বাস্থ্য, ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় কাজ করে। হামজাও আগে থেকেই বিভিন্ন দাতব্য উদ্যোগে তাদের সঙ্গে যুক্ত।
গত রোববার লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠানটি হয়। সেখানে হামজাকে নিয়ে আলোচনা সভার পর মুসলিম অ্যাথলেটদের স্বাক্ষরিত জার্সি, পদকসহ নানা স্মারকের দাতব্য নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে লেস্টার সিটির হয়ে হামজার এফএ কাপজয়ী জার্সি বিক্রি হয় ৭ হাজার পাউন্ডে, আর কমিউনিটি শিল্ডজয়ী পদক বিক্রি হয় ৩ হাজার পাউন্ডে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে হামজা জানান, টিকিট ও নিলাম থেকে পাওয়া পুরো অর্থ যাবে ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের সংস্থার কাছে। তারা গাজায় সরাসরি কাজ করছে এবং অনেক শিশুর বেঁচে থাকার একমাত্র আশা চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়া। এই অর্থ সেই চিকিৎসা-স্থানান্তরেই ব্যয় হবে।
হামজা বলেন, এত বড় দুঃখ-কষ্টের তুলনায় এই অবদান সামান্য, তবু ছোট প্রচেষ্টাও পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতে আরও এমন উদ্যোগ নেওয়ার ইঙ্গিতও দেন তিনি।