Oct 29, 2026
আম্পায়ারের সঙ্গে তর্ক, হারিস রউফকে জরিমানা করল আইসিসি

আম্পায়ারের সঙ্গে তর্ক, হারিস রউফকে জরিমানা করল আইসিসি

বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সিদ্ধান্তে অসন্তোষ দেখিয়ে এবং ইংল্যান্ডের এক ফিল্ডারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেয়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে। পাশাপাশি তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

গত ২৫ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে ঘটনাটি ঘটে। পাকিস্তানের ইনিংসের ৪৬তম ওভারের শেষ বলে স্যাম কারানের একটি শর্ট বল শাদাব খানকে লক্ষ্য করে আসে। নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা রউফ সেটিকে ওয়াইড দাবি করেন।

আম্পায়ার সৈকত কোনো সংকেত না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ব্যাট উঁচিয়ে মিড-অনে দাঁড়ানো উইল জ্যাকসের দিকে এগিয়ে যান রউফ। আম্পায়ার তাঁকে থামাতে চাইলেও দুই ক্রিকেটারের মধ্যে কথা-কাটাকাটি চলতে থাকে। শেষে জো রুটের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.২০ ধারা, অর্থাৎ খেলার চেতনার পরিপন্থী আচরণের অভিযোগ রউফের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। ম্যাচ রেফারিদের আনা অভিযোগ তিনি মেনে নেওয়ায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি।

গত ১৪ মাসে এটি এই পাকিস্তানি পেসারের পঞ্চম ডিমেরিট পয়েন্ট। আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে আরও তিনটি পয়েন্ট পেলে ২৪ মাসে তাঁর পয়েন্ট দাঁড়াবে আটে, আর তখন চার ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হবে তাঁকে।

একই ম্যাচে ধীরগতির ওভার রেটের কারণে ইংল্যান্ড দলও শাস্তি পেয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভার পিছিয়ে থাকায় দলের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা হয়েছে, যা অধিনায়ক হ্যারি ব্রুক মেনে নিয়েছেন।

All Categories