তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু, চালক পলাতক
ময়মনসিংহের তারাকান্দায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান।
নিহত আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬) ওই এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির সন্তান। আরবিয়া তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এবং রাবিয়া একই স্কুলের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিল।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজ করেন। সকালে কাজে যাওয়ার সময় দুই মেয়েও তাঁর পিছু নিয়ে তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়। সেখানে মা তাদের বাড়ি ফিরে যেতে বলেন। কিছুটা এগিয়ে মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় শেরপুরের দিকে যাওয়া একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থল স্থানীয় একটি হ্যাচারির সামনে। দুই বোন ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ২৯ মিনিটে দুই শিশু সড়কের পাশ ধরে হাঁটছিল। তখন নীল ও হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এটি নিছক দুর্ঘটনা মনে হয়নি; ভ্যানচালক ইচ্ছাকৃতভাবেই শিশুদের চাপা দিয়েছেন বলে তাঁদের ধারণা।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাশিদ জানান, সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। শিশু দুটির মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।