জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের মাঝে কিউবার মন্ত্রীর হস্তক্ষেপ, উত্তপ্ত বাগবিতণ্ডা

জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের বক্তব্যের মাঝখানে কিউবার পররাষ্ট্রমন্ত্রী মঞ্চের দিকে এগিয়ে গেলে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ ঘটনা ঘটে। ওয়াল্টজ তাঁকে পিছিয়ে যেতে বলেন।

কিউবার ওপর যুক্তরাষ্ট্রের কয়েক দশকের পুরোনো অবরোধ নিয়ে সাধারণ পরিষদের বার্ষিক বিতর্ক চলছিল। সেখানে ওয়াল্টজ সদস্য দেশগুলোকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান-সংবলিত প্রস্তাব প্রত্যাখ্যান করার অনুরোধ জানান। বক্তব্যে তিনি অভিযোগ করেন, কিউবা সরকার নিজেদের নেতাদের বিত্তবান করেছে, আর সাধারণ মানুষ কষ্টে আছে।

কিউবার প্রতিনিধিদল তাঁর বক্তব্যে বাধা দিতে চাইলে ওয়াল্টজ পাল্টা জবাব দেন। তিনি বলেন, এটি জাতিসংঘ, কোনো কমিউনিস্ট একনায়কতন্ত্র নয়; তাঁকে থামানো যাবে না। সাধারণ পরিষদের সভাপতি শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করেন এবং প্রতিনিধিদের মনে করিয়ে দেন, জবাব দেওয়ার সুযোগ তাঁরা পাবেন। তবু কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিয়া মঞ্চের দিকে এগোতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হলে ওয়াল্টজ বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে তাঁকে ভয় দেখানো যাবে না এবং এটি হাভানা নয়।

পরে বক্তব্যের সুযোগ পেয়ে রদ্রিগেজ ওয়াল্টজকে মিথ্যাবাদী আখ্যা দেন। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য এই ফোরাম ও সদস্য দেশগুলোর মর্যাদার সঙ্গে বেমানান এবং কিউবার সরকার ও জনগণের প্রতি অবমাননাকর। তিনি সাধারণ পরিষদের সভাপতিকে ওয়াল্টজকে শৃঙ্খলার মধ্যে আনতেও বলেন।

পরবর্তীতে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ওয়াল্টজ দাবি করেন, কিউবার কমিউনিস্ট নেতারা তাঁদের বিলাসবহুল সম্পত্তির তথ্য গোপন রাখতে চান। তাঁর ভাষ্য, যথাযথ প্রমাণ নিয়েই তিনি সেখানে গিয়েছিলেন, যা কিউবার প্রতিনিধিদল মেনে নিতে পারেনি।

All Categories