সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে: সালাহউদ্দিন আহমেদ
‘আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম। আমরা তাঁর (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা) পদত্যাগ চাইনি। কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন।’—বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মহাসমাবেশে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এই মহাসমাবেশের আয়োজন করে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি। নিরপেক্ষ সরকার, গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সবার লক্ষ্য হোক—সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে তারুণ্যের সক্রিয় অংশগ্রহণ থাকবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণে কাজ করছি। অথচ অত্যন্ত সুকৌশলে এই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন ও লুটপাটের কথা আমরা ভুলে যাচ্ছি। ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২০০ বছরে যতটা লুটপাট করেছে, আওয়ামী লীগ তার চেয়েও বেশি করেছে। ৩০ লাখ কোটি টাকা পাচার, ৪ লাখ কোটি টাকা খেলাপি ঋণ, বিদ্যুৎ ও ব্যাংক খাতে দুর্নীতি—সবই প্রমাণ করে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না।’
তারেক রহমানকে নিয়ে সালাহউদ্দিন বলেন ,তারেক রহমানের নেতৃত্বে যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করছি, তাদেরই এখন বিদেশি এজেন্ট বলে আখ্যায়িত করা হচ্ছে। আসলে যারা আমাদের আন্দোলনের অন্তরায়, তারাই এসব অপপ্রচার চালাচ্ছে।’
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।